চট্টগ্রাম বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

মাদক ছাড়াতে দুই কারবারিকে তাবলিগে পাঠালেন ওসি

মাদক ছাড়াতে দুই কারবারিকে তাবলিগে পাঠালেন ওসি

অনলাইন ডেস্ক

২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:৪০ অপরাহ্ণ

মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, ধীরে ধীরে একটি পরিবার ও সমাজকেও বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। মাদকবিরোধী অভিযানের পাশাপাশি আসক্ত ও মাদক কারবারে জড়িতদের সংশোধনের সুযোগ দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলছেন সংশ্লিষ্টরা।
 
 
এমন চিন্তা থেকেই চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম নিয়েছেন ব্যতিক্রমী উদ্যোগ। মাদক ব্যবসার অভিযোগে একাধিকবার মামলা ও আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার পরও জামিনে মুক্ত হয়ে একই কর্মকাণ্ডে ফিরে যাচ্ছিলেন জালাল ও হেলাল নামের দুই ব্যক্তি। পরে তাদের সংশোধনের জন্য স্থানীয়দের সহযোগিতায় থানায় ডেকে এনে তিনদিনের তাবলিগ জামাতে পাঠানোর উদ্যোগ নেন ওসি।
 
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কচুয়া উপজেলার আকানিয়া-নাছিরপুর গ্রামের জালাল ও হেলাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা হয়েছে। গ্রেপ্তারও হয়েছেন একাধিকবার।
 
 
তবে জামিনে বের হয়ে তারা ফের মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িয়ে পড়তেন বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। এ পরিস্থিতিতে শুধু আইনি ব্যবস্থা নয়, তাদের জীবনযাপনে পরিবর্তন আনার উদ্যোগ নেন ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম। তার উদ্যোগে ওই দুই ব্যক্তিকে তিনদিনের তাবলিগ জামাতে পাঠানো হয়।
 
 
তিনদিনের তাবলিগ শেষে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জোহরের নামাজ আদায় করে তারা কচুয়া থানায় এসে ওসির সঙ্গে দেখা করেন। এসময় তারা নিজেদের ভুল স্বীকার করে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন।
 
 
জালাল ও হেলাল প্রতিশ্রুতি দেন, এখন থেকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন, প্রতি মাসে তিনদিন তাবলিগে যাওয়ার চেষ্টা করবেন এবং ভবিষ্যতে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে আর জড়াবেন না।
 
 
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, শুধু মামলা দিয়ে সব সময় মাদক নির্মূল সম্ভব নয়। যারা ভুল পথে জড়িয়ে পড়েছে, তাদের নৈতিকভাবে পরিবর্তনের সুযোগ দিতে হবে। আমরা চাই, তারা সত্যিকারের ভালো মানুষ হয়ে সমাজে ফিরে আসুক।
 
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট