আওয়ামী লীগ ও দলটির সব অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা প্রজ্ঞাপনের বৈধতা প্রশ্নে দায়ের হওয়া রিট আবেদনটি হাইকোর্ট খারিজ করে দিয়েছেন। আদালত জানিয়েছেন, রিটটি যথাযথভাবে উত্থাপন করা হয়নি বলেই এই সিদ্ধান্ত।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে উপস্থিত আইনজীবীদের বরাতে জানা গেছে, “নট ইনফর্ম” অর্থাৎ যথাযথ প্রক্রিয়ায় আবেদনটি না তোলার কারণেই খারিজের এই আদেশ আসে।
গত ৭ সেপ্টেম্বর ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী এই রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেছিলেন।
রিট আবেদনে ২০২৫ সালের ১২ মে জারি হওয়া প্রজ্ঞাপনকে কেন আইনগত কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারির আরজি জানানো হয়েছিল। পাশাপাশি রুল বিচারাধীন থাকা অবস্থায় প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত রাখার আবেদনও করা হয়।
স্মরণ করা যায়, গত বছরের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এই প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যেকোনো প্রকাশনা, গণমাধ্যম বা অনলাইন প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ ও সম্মেলনসহ সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাসিন্দা মো. আল আমিন এই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করেছিলেন।
পূর্বকোণ/আদর


















