চট্টগ্রাম বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

বিআরটিএ’র অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

অনলাইন ডেস্ক

৯ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:০২ অপরাহ্ণ

মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যেসকল বাসের চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেগুলোই রাস্তায় চলাচল করতে পারবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে বিআরটিএর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন মহাসড়কে এ ধরনের বাস চালানোর অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছিল। এর জবাবে আদালতকে জানানো হয়, সড়ক পরিবহন আইনের ৪০ ধারা অনুযায়ী যানবাহনের টেকনিক্যাল স্পেসিফিকেশন লঙ্ঘন করা একটি শাস্তিযোগ্য অপরাধ (ধারা ৮৪ অনুযায়ী সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা)। এছাড়া আইনের ২৮ ধারা অনুযায়ী রুট পারমিট ছাড়া কোনো গাড়ি রাস্তায় চলার সুযোগ নেই।

আইনজীবী মো. রাফিউল ইসলাম আরও বলেন, ‘আদালত বলেছেন যে বিআরটিএর অনুমতিপ্রাপ্ত বাসগুলোই কেবল সড়কে চলতে পারবে। যেহেতু স্লিপার বাস চালানোর কোনো পারমিশন নেই এবং হাইকোর্টও এ বিষয়ে কোনো অনুমতি দেয়নি, তাই নিয়মের বাইরে এসব বাস সড়কে চলার কোনো সুযোগ নেই।’

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট