কনসার্ট চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় আয়োজককে গ্রেপ্তার করেছে পুলিশ। কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ আছে।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ পৌর পার্ক এলাকা থেকে এনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের স্বত্বাধিকারী হাফিজুর রহমানকে (পিয়াল) গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে আগে করা একটি মামলায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার হাফিজুর এর পিতা খালিদ হোসেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টুঙ্গিপাড়া উপজেলা শাখার কোষাধ্যক্ষ এবং উপজেলার বর্নি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্টের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন মাইনুল আহসান নোবেল। আয়োজনের একপর্যায়ে দর্শকসারি থেকে শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়া শুরু হয়। এ সময় আয়োজকেরা তাঁদের থামানোর চেষ্টা করেন। মঞ্চ থেকেও ঘোষণা দেওয়া হয় এটি কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়, তবে স্লোগান বন্ধ হয়নি। পরে সোয়া ৯টায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হবীবুল্লাহ গণমাধ্যমকে বলেন, পুলিশের অনুমতি না নিয়ে কনসার্টের আয়োজন করা হয়েছে। সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। নিষিদ্ধ সংগঠনের কর্মী-সমর্থকেরা সেখানে একত্র হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এসব কারণে হাফিজুর রহমানকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/রানা/পারভেজ


















