চট্টগ্রাম মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

জামিনে কারামুক্ত এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক

জামিনে কারামুক্ত এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক

অনলাইন ডেস্ক

৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৭:০৪ অপরাহ্ণ

প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি প্রয়াত এইচ এম এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিক জামিনে কারামুক্ত হয়েছেন।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

 

এর আগে উচ্চ আদালত থেকে জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা ছিল না বলে জানিয়েছিলেন বিদিশার আইনজীবী।

 

গত ৬ সেপ্টেম্বর বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিদিশা সিদ্দিককে জামিন দেন। পরে জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাকে মুক্তি দেওয়া হয়।

 

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের অতিরিক্ত দায়িত্বে থাকা সিনিয়র জেল সুপার নজরুল ইসলাম বলেন, প্রয়োজনীয় জামিনসংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই শেষে বিকেল ৫টা ১২ মিনিটে বিদিশাকে মুক্তি দেওয়া হয়।

 

রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় দুই বছরের কারাদণ্ড হওয়ার পর তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়। ওই পরোয়ানার ভিত্তিতে গত ২৫ আগস্ট পুলিশ তাকে গ্রেফতার করে। পরদিন আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

 

২০০৮ সালে দায়ের হওয়া প্রতারণার মামলায় চলতি বছরের ২০ মে ঢাকার একটি আদালত বিদিশা সিদ্দিককে দোষী সাব্যস্ত করে সাজা দেন। আদালতের রায়ে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা পরিশোধ না করলে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশও দেওয়া হয়েছিল।

 

পরবর্তীতে ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল ও জামিনের আবেদন করেন বিদিশা। জামিন মঞ্জুর হওয়ার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার তিনি কারাগার থেকে মুক্তি পান।

 

পূর্বকোণ/আদর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট