বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকালে বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী জানান, জনগণের অর্থ খরচ করে অযথা নাম পরিবর্তনের কোনো প্রয়োজন এই মুহূর্তে নেই। সরকারের প্রধান অগ্রাধিকার হলো থার্ড টার্মিনাল দ্রুত চালু এবং যাত্রীসেবার মান উন্নত করা।
আসছে বিজয় দিবসে এই টার্মিনাল চালুর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আগামী ১৬ ডিসেম্বর যেভাবেই হোক আংশিকভাবে থার্ড টার্মিনাল চালুর প্রস্তুতি চলছে। বর্তমানে প্রকল্পের কাজ প্রায় ৫৭ শতাংশ সম্পন্ন হয়েছে এবং টার্মিনালের বিভিন্ন মেশিন, ইন্টারনেট ও সিস্টেমের ইন্টিগ্রেশন বা ট্রায়াল রান নিয়মিত চলছে। বাকি কাজগুলো দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়েছে।
থার্ড টার্মিনাল পুরোপুরি চালু হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী ও কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বর্তমানের তুলনায় প্রায় চার গুণ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিমানমন্ত্রী।
পূর্বকোণ/রানা/পারভেজ



















