চট্টগ্রাম মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:১৭ অপরাহ্ণ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে দেশটির সরকারের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, তাকে দেশে ফেরত পাঠানো মাত্রই প্রচলিত আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হবে।

 

মঙ্গলবার ( ০৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি বিদেশে বসে কী মন্তব্য করলেন, তা গুরুত্বপূর্ণ নয়। স্বৈরাচারী শেখ হাসিনাসহ তার দলের অনেক নেতাকর্মী বর্তমানে ভারতে অবস্থান করছেন। অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক ও প্রশাসনিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।

 

এ সময় ‘মক্কা প্যাক্ট’ নামের একটি প্রতিরক্ষামূলক সাময়িক জোটে বাংলাদেশের অংশ নেওয়া প্রসঙ্গে শামা ওবায়েদ জানান, এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। দেশের সার্বভৌমত্ব, পররাষ্ট্রনীতি এবং জনগণের স্বার্থ ও উপকারিতা বিবেচনা করেই যেকোনো নতুন আন্তর্জাতিক জোটে যুক্ত হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। উপযুক্ত সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত জানাবে।

 

মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, জাহান্দার আলী জাহান, সাঈদ উদ্দিন আহম্মদ হানজালা এবং পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

 

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট