অস্বাভাবিক আচরণ ও অসংলগ্ন কথাবার্তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় নারায়ণগঞ্জের সদর নৌ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মান্নানকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে শহরের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে সদর নৌ থানার পাশের সেন্ট্রাল ৫ নম্বর খেয়াঘাট এলাকার একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে।
সোমবার (০৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ নৌ পুলিশের জেলা সুপার মো. আলমগীর হোসেন গণমাধ্যমকে জানান, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এএসআই মান্নানকে প্রত্যাহার করে তাঁর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্য আবদুল মান্নান কখনো মাটিতে বসে ও দাঁড়িয়ে অস্বাভাবিকভাবে নাচের ভঙ্গিতে ‘কেন হবে না, ফাঁসি গো আমার’ গান গাইছেন, আবার কখনো বিলাপ করছেন। তাঁর এই অসংলগ্ন আচরণ ও কথাবার্তা দেখতে আশপাশের লোকজন ভিড় জমান। একপর্যায়ে চায়ের দোকানের পাশে পেতে রাখা একটি খাটে শুয়ে তিনি অশ্লীল কথাবার্তা বলেন এবং মুঠোফোন নিচে ফেলে দেন। এ সময় উপস্থিত লোকজন আচরণের কারণ জানতে চাইলে তিনি দাবি করেন, তাঁর স্ত্রী তাঁকে মারধর করেছেন; যে কারণে তিনি মাদক সেবন করেছেন এবং পুলিশ চাকরি থেকে পদত্যাগ করেছেন।
নৌ পুলিশের এসপি (অতিরিক্ত উপমহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আলমগীর হোসেন জানান, এএসআই মান্নানের স্ত্রী নারায়ণগঞ্জে থাকেন না। এর আগে তিনি র্যাবে কর্মরত ছিলেন এবং কিছুদিন আগে বদলি হয়ে নারায়ণগঞ্জ সদর নৌ থানায় যোগদান করেছিলেন।
পূর্বকোণ/রানা/পারভেজ


















