সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী রুকমীলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ, ব্যাংক হিসাব ও ব্যবসার রেকর্ড–সংক্রান্ত তথ্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম সোমবার (০৭ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
এ সময় তিনি বলেন, দুদকের পক্ষ থেকে সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রীর বিষয়ে যুক্তরাষ্ট্রে পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ বা এমএলএআর পাঠানো হয়েছিল। তদন্ত বা বিচারকাজে তথ্য, নথি কিংবা সম্পদ জব্দের জন্য অন্য দেশের কাছে আনুষ্ঠানিকভাবে সহায়তা চাওয়ার প্রক্রিয়াকে এমএলএআর বলা হয়। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহায়তা চেয়েছিল দুদক।
এর পরিপ্রেক্ষিতে এফবিআই তথ্য পাঠিয়েছে বলে জানান আকতারুল ইসলাম। তবে এফবিআই থেকে প্রতিবেদনটি কবে এসেছে, তাতে কী তথ্য রয়েছে কিংবা কত সম্পদ চিহ্নিত হয়েছে, তা প্রকাশ করেনি দুদক। যুক্তরাষ্ট্রে সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো সম্পদ এরই মধ্যে জব্দ বা বাজেয়াপ্ত করা হয়েছে কি না, তা-ও জানানো হয়নি।
যুক্তরাষ্ট্রে থাকা জাবেদ দম্পতির সম্পদের মূল্য জানতে চাইলে আকতারুল ইসলাম বলেন, ‘পরে তথ্য পাওয়া গেলে সাংবাদিকদের জানানো হবে।’
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত গত ১৩ জানুয়ারি সাবেক ভূমিমন্ত্রী ও আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের সাত দেশে থাকা ১ হাজার ৮২৪ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৯০৫ টাকার সম্পত্তি জব্দের নির্দেশ দেন। দুদকের ওই আবেদনে যুক্তরাষ্ট্রে থাকা সাইফুজ্জামান চৌধুরী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পত্তির ক্রয়মূল্য দেখানো হয়েছিল ৪৩৬ কোটি ৮৮ লাখ ৬৫ হাজার ২৪২ টাকা।
পূর্বকোণ/রানা/পারভেজ



















