চট্টগ্রাম সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

কয়েকদিনের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : উপদেষ্টা রাশেদ

কয়েকদিনের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : উপদেষ্টা রাশেদ

অনলাইন ডেস্ক

৭ সেপ্টেম্বর, ২০২৬ | ৬:৩৭ অপরাহ্ণ

আগামী কয়েকদিনের মধ্যে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

সোমবার (০৭ সেপ্টেম্বর) রাজধানীর বিআইআইএসএস মিলনায়তনে ‘বাংলাদেশে জ্বালানি নিরাপত্তা : সংকট ব্যবস্থাপনা থেকে স্থিতিস্থাপক জ্বালানি রূপান্তরের পথে’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

 

এসময় তিনি আরও বলেন, সরকারের কার্যকর উদ্যোগ এবং বিকল্প উৎস থেকে গ্যাস আমদানির মাধ্যমে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। জ্বালানি সংকটে সাধারণ মানুষের দুর্ভোগের প্রতি সরকারের পূর্ণ সহানুভূতি রয়েছে উল্লেখ করে তিনি জানান, বাস্তবতাকে এড়িয়ে কোনো কৃত্রিম বা অবাস্তব পরিস্থিতির গল্প তৈরি করে সংকট লুকানোর চেষ্টা করা হবে না।

সেমিনারে জ্বালানি খাতের বর্তমান চিত্র তুলে ধরে উপদেষ্টা জানান, দেশে বর্তমান গ্যাসের দৈনিক চাহিদা ৩৮০০ মিলিয়ন ঘনফুট হলেও সরবরাহ করা হচ্ছে ২৬শ থেকে ২৭শ এমএমসিএফটি। এর মধ্যে ১৬শ এমএমসিএফটি আসে অভ্যন্তরীণ উৎস থেকে এবং ১ হাজার এমএমসিএফটি আসে এলএনজি থেকে, যদিও নতুন আবেদনকৃত গ্রাহকসহ প্রকৃত চাহিদা ৫ হাজার ২০০ এমএমসিএফটি। এই সংকট নিরসনে মাতারবাড়ীতে ১ হাজার এমএমসিএফটি ক্ষমতার স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল এবং মহেশখালীর গভীর সমুদ্রে ৬০০ এমএমসিএফটি ক্ষমতার ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের জন্য চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা হয়েছে এবং নতুন কূপ খননে বিগত সরকারের ভুল নীতির সমালোচনা করা হয়।

জ্বালানি নিরাপত্তা কেবল প্রযুক্তি বা অর্থনীতির বিষয় নয় বরং এটি সরকারের সচেতন রাজনৈতিক সিদ্ধান্ত উল্লেখ করে তিনি আরও বলেন, গত ফেব্রুয়ারিতে ১৭ দিনের ডিজেল মজুত থাকলেও বর্তমানে তা ৩২ দিনে উন্নীত হয়েছে এবং দীর্ঘমেয়াদে এটি ৯০ দিনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। ২০২৭ সালের শুরুর দিকে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে যেতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া, আগামী পাঁচ বছরে দেশজুড়ে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচির সঙ্গে সোলার প্যানেল স্থাপনের পাইলট প্রকল্প নেওয়া হয়েছে, যার মাধ্যমে কৃষিজমির ওপর চাপ না বাড়িয়ে প্রতি কিলোমিটারে সর্বোচ্চ ৩ মেগাওয়াট পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদন সম্ভব হবে।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট