চট্টগ্রাম রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

প্রেমের টানে বাংলাদেশে, শূন্য হাতে ফিরে গেলেন চীনা যুবক

প্রেমের টানে বাংলাদেশে, শূন্য হাতে ফিরে গেলেন চীনা যুবক

অনলাইন ডেস্ক

৬ সেপ্টেম্বর, ২০২৬ | ৭:০৯ অপরাহ্ণ

প্রেমের টানে চীন থেকে টাঙ্গাইলের সখীপুরে ছুটে এসেছিলেন দং লিয়াং নামের এক যুবক। ইসলাম ধর্ম গ্রহণ করে স্থানীয় এক তরুণীকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলেও শেষ পর্যন্ত চীনা যুবককে ফিরিয়ে দিয়েছে মেয়েটির পরিবার ও স্থানীয়রা।

সুত্র জাানায়, প্রায় তিন মাস আগে একটি অ্যাপের মাধ্যমে তাঁদের পরিচয় হয়, যা পরবর্তীতে প্রেমে রূপ নেয়। সেই টানে শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুরে পৌঁছান ওই চীনা নাগরিক। খবর পেয়ে তরুণী নিজে গিয়ে তাঁকে স্বাগত জানিয়ে বাড়িতে নিয়ে আসেন। তবে বিদেশি যুবককে দেখতে বাড়িতে ভিড় জমান কৌতূহলী এলাকাবাসী।

 

মেয়েটি যাতে কোনো ধরনের প্রতারণার শিকার না হন এমন আশঙ্কায় স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানান এবং দুই পক্ষের সঙ্গে কথা বলেন। মেয়েটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়, চীনা যুবকের ভিসার মেয়াদ মাত্র ৯ দিন বাকি রয়েছে। এত অল্প সময়ে বিয়ে সম্পন্ন করে চীনে যাওয়া সম্ভব নয়। তা ছাড়া মানব পাচার বা প্রতারণার ঝুঁকি এড়াতে তাঁরা তাঁকে আপাতত দেশে ফিরে ভিসার মেয়াদ বাড়িয়ে এবং সঠিক কাগজপত্র নিয়ে আসার পরামর্শ দিয়েছেন। সব ঠিক থাকলে পরবর্তীতে বিষয়টি ভেবে দেখা হবে বলে জানায় পরিবার।

 

এদিকে দং লিয়াং স্থানীয়দের জানিয়েছেন, ভিসার মেয়াদ বাড়িয়ে তিনি খুব শিগ্‌গির বাংলাদেশে ফিরে আসবেন এবং ধর্মীয় রীতি মেনে ওই তরুণীকে বিয়ে করবেন।

 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন গণমাধ্যমকে জানান, স্থানীয় লোকজনের মধ্যস্থতায় মধ্যরাতেই ওই যুবককে একটি গাড়িতে করে ঢাকার চীনা দূতাবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে।

 

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট