চট্টগ্রাম শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

জ্বালানি সংকট নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জ্বালানি সংকট নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

অনলাইন ডেস্ক

৫ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:৫৫ অপরাহ্ণ

রাজনৈতিক দলগুলোকে জ্বালানি সংকট নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় তিনি সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে বলেন। তার মতে, গঠনমূলক রাজনীতির চর্চার মাধ্যমেই জাতীয় সমস্যার সমাধান সম্ভব।

 

শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

এ সময় বিরোধী দলের লংমার্চ কর্মসূচির প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ বলেন, একদিকে বলা হচ্ছে দেশে তেল ও গ্যাস নেই, অন্যদিকে ২ থেকে ৩ হাজার গাড়ি নিয়ে লংমার্চ করা হচ্ছে। ‘গাড়িগুলো কি পানিতে চলে, নাকি তেলে চলে? দেশে যদি তেলই না থাকে, তাহলে এত গাড়ি নিয়ে লংমার্চ কীভাবে হচ্ছে?’

 

তিনি বলেন, লংমার্চে বিপুল পরিমাণ তেল খরচ না করে রাজনৈতিক দলগুলোর উচিত সংসদে এসে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরা। আলোচনা ও তর্ক-বিতর্কের মাধ্যমে জাতীয় সমস্যাগুলোর সমাধান করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

 

শামা ওবায়েদ বলেন, বিগত সরকারের সময়ে জ্বালানি খাতে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার যে প্রভাব তৈরি হয়েছে, তা এখনো মোকাবিলা করতে হচ্ছে। বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলেও প্রয়োজনীয় উৎপাদন সক্ষমতা নিশ্চিত করা হয়নি। একই সঙ্গে দেশের মজুত থাকা গ্যাস উত্তোলনেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

 

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের অনিয়ম ও অব্যবস্থাপনার প্রভাব অল্প সময়ে দূর করা সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বিকল্প ও বহুমুখী উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে। প্রয়োজনে নতুন উৎস থেকেও জ্বালানি আমদানি করা হবে।

 

সারের সংকট নিয়েও অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে শামা ওবায়েদ বলেন, দেশে সারের কোনো সংকট নেই। এ ধরনের প্রচারণার মাধ্যমে কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।

 

জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকারের হাত ধরেই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। গণতন্ত্র ফিরে এলেও ষড়যন্ত্র ও অপপ্রচার এখনো চলছে মন্তব্য করে তিনি দেশের সংকটকে রাজনৈতিক সংঘাতের দিকে না নিয়ে জনগণের সমস্যা ও দাবি সংসদে তুলে ধরার আহ্বান জানান। তার মতে, গঠনমূলক রাজনীতির চর্চার মাধ্যমেই জাতীয় সমস্যার সমাধান সম্ভব।

 

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরকান্দায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে র‍্যালিতে অংশ নেন। পরে এম এন একাডেমি স্কুল মাঠে বৃক্ষরোপণ এবং কুমার নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট