গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের সাথে যাত্রীবোঝাই সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কালিয়াকৈর-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর মৃর্ধাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কাঞ্চনপুর মৃর্ধাবাড়ি এলাকায় ফুলবাড়ীয়াগামী যাত্রীবোঝাই একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত অপর দুজনকে মুমূর্ষু অবস্থায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহত দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পূর্বকোণ/নুসরাত


















