চট্টগ্রাম শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী

রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী

অনলাইন ডেস্ক

৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৪:০৬ অপরাহ্ণ

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে সরকারকে বিকল্প পরিকল্পনা দিতে বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে গ্যাস-বিদ্যুৎ সমস্যা সমাধানে জাতীয় সংসদে পরামর্শ দেন। গ্যাস ও বিদ্যুৎ সংকট আন্তর্জাতিক যুদ্ধ ও বিগত সরকারের ভুল পরিকল্পনার জন্য হয়েছে।

 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রিজভী বলেন, আপনারা গ্যাস-বিদ্যুতের জন্য লংমার্চ করবেন বা নানা কর্মসূচি দেবেন—ঠিক আছে। কিন্তু পাশাপাশি একটি বিকল্প প্রস্তাবও দিন যে, আমরা কীভাবে এই গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করব; কোথা থেকে ও কীভাবে তা পাব।

 

বর্তমান সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপের বিষয়ে বিরোধী দলের কাছ থেকে সুস্পষ্ট পরিকল্পনা প্রত্যাশা করে তিনি বলেন, সংসদে কথা বলার পর্যাপ্ত সুযোগ রয়েছে। সরকারের সমালোচনা ও সংসদের বাইরে রাজনৈতিক কর্মসূচি পালন গণতন্ত্রের অংশ হলেও, দেশের এ সংকটকালে গঠনমূলক পরামর্শ দেওয়াও জরুরি।

 

তিনি সতর্ক করে বলেন, পরিকল্পিতভাবে অচলাবস্থা তৈরি করা সমীচীন হবে না। বরং কীভাবে সংকট কাটানো যায়, সেই পথ দেখাতে হবে। অতীতের ভুল নীতির পুনরাবৃত্তি হলে পরিস্থিতি আরও অন্ধকারের দিকে যাবে।

 

সংকটের কারণ ব্যাখ্যা করে রিজভী জানান, বৈশ্বিক যুদ্ধ এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধা সৃষ্টির ফলে আন্তর্জাতিক বাজারে সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। ফলে প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে সাময়িক সমস্যা হচ্ছে, যা সরকারের একক কোনো কারণে ঘটেনি।

 

জুলাই আন্দোলনে সাংস্কৃতিক অঙ্গনের অবদানের কথা স্মরণ করে রিজভী বলেন, গান ও নৃত্যের মতো পরিবেশনাগুলো আন্দোলনকারীদের ভেতরে উদ্দীপনা ও সাহসের জোগান দিয়েছিল।

 

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, কবি রেজাউদ্দিন স্ট্যালিন, অভিনেতা হেলাল খান ও জাকির হোসেন রুকন প্রমুখ। আলোচনা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট