ঢাকার সবুজবাগে পরকীয়া সন্দেহে ঘুমন্ত স্বামীকে ইটের আঘাতে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর ওই নারী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে এ হত্যার কথা নিজেই পুলিশকে জানান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার সবুজবাগে এই ঘটনা ঘটে। ৯৯৯-এর ফোন পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত রেহেনা আক্তার (৪০) নামে ওই নারীকে পুলিশ গ্রেপ্তার করে।
৯৯৯-এর পুলিশ পরিদর্শনাধীন তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে ফোন করে রেহেনা জানান, আগের রাতে তিনি তার স্বামী মাহফুজুর রহমানকে (৪০) ঘুমের ওষুধ খাওয়ান। পরে তিনি ঘুমন্ত অবস্থায় তার মাথায় ইট দিয়ে আঘাত করেন।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, পারিবারিক কলহ এবং তার স্বামীর অন্য নারীদের সঙ্গে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে রেহেনা তার স্বামীকে হত্যা করেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
পূর্বকোন/রানা

















