চট্টগ্রাম বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীর জঙ্গল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোয়ালখালীর জঙ্গল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২ সেপ্টেম্বর, ২০২৬ | ৯:৩২ অপরাহ্ণ

বোয়ালখালীতে এমদাদুল ইসলাম হাবিব (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ হাবিবের অর্ধ গলিত মরদেহটি উদ্ধার করে।

 

এর আগে এলাকাবাসী পচা দুর্গন্ধ পেয়ে হাবিবের মৃত্যুর বিষয়টি জানাতে পুলিশকে খবর দেয়।

 

হাবিব বোয়ালখালী পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বাংলা পাড়ার মৃত শফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন বাস চালক।

 

থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হায়াত উল্লাহ জানান, একটি জরাজীর্ণ ঘরের ছাদের বিমের সাথে মরদেহটি গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় ঝুলছিলো। তার মৃত্যু হয়েছে সম্ভবত ৩ থেকে ৪দিন আগে।

 

হাবিব জঙ্গলের ভেতরে নির্মাণাধীন ছাদবিহীন পাকা বাড়ির একটি কোণে থাকতেন।

 

স্থানীয়রা জানায়, হাবিবকে গত রবিবার দেখা গিয়েছিল। জঙ্গলের ভেতরে কারো তেমন যাওয়া আসা ছিলো না। ওই বাড়িতে তিনি একাই থাকতেন। হাবিব চার বোনের একমাত্র ভাই। তার মা বোনদের সাথে থাকেন।

 

হাবিব মাদকাসক্ত হয়ে পড়ায় তার স্ত্রী প্রায় ১০-১২ বছর আগে তাকে ছেড়ে গিয়েছিলেন। ফলে অনেকটা ভবঘুরে জীবন যাপন করতেন।

 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

পূর্বকোণ/আদর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট