জাতীয় নাগরিক পার্টি (এনসিপি মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে যাচ্ছে, কিন্তু তারা এটা বিশ্বাস ও স্বীকার করতে চায় না।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা এনসিপির সমন্বয় সভা শেষে দেশের প্রতিটি ইউনিয়নে প্রার্থী ঘোষণা দেওয়ার আশ্বাস দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম বলেন, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক শক্তি বাড়ানোর জন্য কমিটি গঠন করা জরুরি। এ জন্য আমরা দেশের প্রতিটি জেলায় সফর করছি। প্রতিটি ইউনিয়নে আমাদের সাংগঠনিক কমিটি থাকবে। এবার স্থানীয় নির্বাচনে দেশের প্রতিটি ইউনিয়নে এনসিপির প্রার্থী ঘোষণা করতে চাই। প্রাথমিকভাবে প্রতিটি ইউনিয়নে একজন করে প্রার্থীকে আমরা সমর্থন দেব। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বড় রাজনৈতিক দল হিসেবে এনসিপিকে গড়ে তোলা এবং আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতির যে ধাপ, তা সম্পন্ন হবে।
বিএনপির সমালোচনা করে সারজিস আলম বলেন, তারা যেভাবে সংসদকে সরকারদলীয় সংসদে পরিণত করার চেষ্টা করছে, এ অপচেষ্টা দেশের গণতান্ত্রিক চর্চার জন্য কখনো ভালো ফল বয়ে আনবে না। বরং বিরোধী দলকে গ্রহণ করতে শিখুন, তাদের কথা বলতে দিন। এসব বিষয়ে সংশোধন করে কাজ করুন। আপনারা যদি দেশের মানুষের জন্য কাজ করেন, আমরা সহযোগিতা করবো। আর যদি আপনারা দেশ মানুষের আকাঙ্খার বিপরীতে যান, তাহলে আমরা জনগণের পক্ষে দাঁড়িয়ে আপনাদের সাথে জনগণকে নিয়ে আমাদের যে রাজনৈতিক লড়াই, সেই লড়াই হবে, ইনশাআল্লাহ।
১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি নিয়ে তিনি বলেন, বিএনপি সরকারের ৬ মাস গিয়েছে। তারা তিনটি সেক্টরে অগ্রাধিকার সেট করেছিল, বিশেষভাবে লক্ষ্য রাখবে বলেছিল জ্বালানি ও আইনশৃঙ্খলা এ ধরণের সেক্টরগুলোতে। কিন্তু তারা সেখানে ফেল করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের সীমার বাইরে চলে যাচ্ছে। মধ্যবিত্ত শ্রেণির মানুষও জানে, তারা ঋণগ্রস্ত হয়ে পড়েছে এবং ঠিকমতো চলতে পারছে না। মানুষ ঠিকমতো গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ থাকছে না। কলকারখানা থেকে কর্মী ছাঁটাই করা হচ্ছে। বিএনপি সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে যাচ্ছে, কিন্তু তারা এটা বিশ্বাস ও স্বীকার করতে চায় না।
তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে তাদের দাবিগুলো তুলে ধরতে আমরা বিভাগীয় শহরগুলোতে লংমার্চ নিয়ে যাচ্ছি। বিরোধী দল ও শুভাকাঙ্ক্ষী হিসেবে আমরা তাদের চোখে চোখ রেখে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই—তারা প্রতিটি জায়গায় ব্যর্থ হচ্ছে এবং মাঠপর্যায়ে মানুষের কাছে ধীরে ধীরে অজনপ্রিয় হয়ে পড়ছে।
পূর্বকোণ/রাকিব

















