বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) জন্য ২০০টি ইলেকট্রিক বাস কেনার অনুমোদন দিয়েছে সরকার। একই সাথে বাসগুলোর জন্য চার্জিং স্টেশন স্থাপন এবং প্রয়োজনীয় অবকাঠামোও নির্মাণ করা হবে।
এ প্রকল্প বাস্তবায়নে উন্মুক্ত দরপত্রের পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবের ভিত্তিতে সরকারি অর্থায়নে বিআরটিসির জন্য প্রায় ২০০টি ইলেকট্রিক বাস কেনা হবে। এর মধ্যে নারী যাত্রীদের জন্য বিশেষ বাসও থাকবে।
পাশাপাশি বাস পরিচালনার জন্য চার্জিং স্টেশন স্থাপন এবং প্রয়োজনীয় আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ করা হবে।
সরকারের এ সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন পরিবেশবান্ধব গণপরিবহন চালুর উদ্যোগ জোরদার করা হচ্ছে।
এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে কার্বন নিঃসরণ কমানো, জ্বালানি সাশ্রয় এবং আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিসি শাখা থেকে অর্থ বিভাগে পাঠানো এক চিঠিতে বলা হয়, রাষ্ট্রীয় সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে বিআরটিসি দেশের মহানগর ও প্রত্যন্ত অঞ্চলে গণপরিবহন সেবা দিয়ে আসছে। পরিবেশবান্ধব ও টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বহরে ইলেকট্রিক বাস সংযোজন সময়োপযোগী ও প্রয়োজনীয় উদ্যোগ।
চিঠিতে আরও বলা হয়, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সমন্বিত, দক্ষ ও সবুজ পরিবহনব্যবস্থা গড়ে তোলা, কার্বন নিঃসরণ কমানো এবং আধুনিক গণপরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জানিয়েছে, ইলেকট্রিক বাস চালু হলে জ্বালানি ব্যয় ও বায়ুদূষণ কমবে, যাত্রীসেবার মান উন্নত হবে এবং দীর্ঘমেয়াদে পরিচালন ব্যয়ও হ্রাস পাবে। প্রথম ধাপে বাসগুলো ঢাকার গুরুত্বপূর্ণ রুটের পাশাপাশি বিভাগীয় শহরগুলোর আন্তঃনগর রুটে পরিচালনার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তা জানায় , প্রকল্প বাস্তবায়ন হলে দেশের গণপরিবহনে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়বে। একইসাথে জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমবে, কার্বন নিঃসরণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে এবং যাত্রীদের জন্য আধুনিক, নিরাপদ ও টেকসই গণপরিবহন নিশ্চিত করা সহজ হবে।
পূর্বকোণ/আদর















