চট্টগ্রাম মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক, পুরুষের শাস্তি নিয়ে হাইকোর্টে রুল জারি

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক, পুরুষের শাস্তি নিয়ে হাইকোর্টে রুল জারি

অনলাইন ডেস্ক

৪ আগস্ট, ২০২৬ | ১১:০২ অপরাহ্ণ

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে কেবল পুরুষ সঙ্গীর শাস্তির বিধান কেন অবৈধ ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

 

মঙ্গলবার (৪ আগস্ট) হাইকোর্টের একটি বেঞ্চ রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

 

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত হাসান।

 

ঘটনার প্রেক্ষাপটে জানা যায়, ২০২৫ সালের ২০ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধিত খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সেই সংশোধনীতে ‘বিয়ের প্রলোভনে যৌন সম্পর্ক’ স্থাপনকে একটি সুনির্দিষ্ট অপরাধ হিসেবে চিহ্নিত করে সর্বোচ্চ ৭ বছরের শাস্তির বিধান যুক্ত করা হয়। তবে আইনে অপরাধের সুনির্দিষ্ট ব্যাখ্যার অভাব রয়েছে বলে রিটে উল্লেখ করা হয়।

 

শুনানি শেষে আইনজীবী ইসরাত হাসান সাংবাদিকদের বলেন, ‘‘সংশোধিত আইনে বলা নেই ঠিক কখন বা কীভাবে এই অপরাধ সংঘটিত হবে। শুধু প্রস্তাব দিলেই অপরাধ হবে, নাকি পরবর্তীতে বিয়ে না করলে অপরাধ বিবেচিত হবে, এমন কোনো পরিষ্কার ব্যাখ্যা সেখানে নেই।’’

 

আইনটির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে এই আইনজীবী বলেন, ‘‘একজন প্রাপ্তবয়স্ক নারী কেবল প্রলোভনে পড়ে শারীরিক সম্পর্কে জড়াবেন এবং তার জন্য শুধুমাত্র পুরুষ সঙ্গীকে শাস্তির মুখোমুখি হতে হবে, এমন বিধান অত্যন্ত অবিবেচনামূলক। এখানে নারীকে সম্পূর্ণ বিবেকহীন বা পুতুল হিসেবে উপস্থাপন করা হয়েছে। অথচ এই ধরনের সম্পর্কে পারস্পরিক সম্মতি বা ‘কন্ট্রিবিউটরি পার্টিসিপেশন’ থাকে।’’

 

তিনি আরও মন্তব্য করেন, শুধুমাত্র একটি পক্ষকে এককভাবে অপরাধী সাব্যস্ত করে শাস্তির আওতায় আনা ন্যায়বিচারের মৌলিক নীতির পরিপন্থী। এ কারণেই আইনটির ওই নির্দিষ্ট ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করা হয়।

 

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট