জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (১ আগস্ট) বিকেলে মহানগর বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন বিএনপির নেতারা। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ওই বিক্ষোভের আয়োজন করে।
বিক্ষোভ মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শহরের মিশনপাড়া এলাকায় আয়োজিত এ বিক্ষোভ মিছিল সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
বিক্ষোভ পূর্ব সমাবেশে মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে আমরা মহানগর বিএনপির পক্ষ থেকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করলাম। সে যদি ভবিষ্যতে নারায়ণগঞ্জে পা দেওয়ার দুঃসাহস দেখায়, তাহলে তাদের আমরা প্রতিহত করবো।
বিএনপি নেতারা আরও বলেন, আরএফএলের সেলস এক্সিকিউটিভ হিসেবে সে (নাসীরুদ্দীন পাটওয়ারী) চাকরি করতো। আমাদের কাছে সেই ছবি আছে। সে লজিং মাস্টার ছিল। আাসিফ থেকে শুরু করে নাহিদ, হাসনাতরা পাঁচ আগস্টের আগ পর্যন্ত কই ছিল? তারা আওয়ামী লীগের লুঙ্গির নিচে ছিল। ছাত্রলীগের লুঙ্গির নিচ থেকে বের হয়ে আজ তারা বড় নেতা। ১৭ বছর আমাদের নেতাকর্মীদের ত্যাগের কথা চিন্তা করলে তোদের তো হাওয়ায় উড়ে যাওয়ার কথা।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ফতেহ মো. রেজা রিপন, বিএনপি নেতা অ্যাডভোকেট রফিক আহমেদ, আওলাদ হোসেন প্রমুখ।
পূর্বকোণ/রেহেনুমা/পারভেজ
















