গত একদিনে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু ও ১৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলে তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের।
এ বছরের প্রথম থেকে জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। একইভাবে জুলাইতে বিগত ছয়মাসের চেয়ে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগীও শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনের তথ্যে জানানো হয়েছে, গত ১ জানুয়ারি থেকে শুক্রবার পর্যন্ত দেশে মোট ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১৫ হাজার ৩১০ জন, মৃত্যু হয়েছে মোট ৫৪ জনের। এর মধ্যে শুধু জুলাই মাসে শনাক্ত হয়েছে ৯ হাজার ২০৬ জন রোগী ও মৃত্যু হয়েছে ৩৬ জন রোগীর।
চলতি সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা ২৬৭০ জন ও মৃত্যু হয়েছে ১৪ জনের। সর্বশেষ গত বৃহস্পতিবারে সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু ও ১৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গত জানুয়ারি মাসে দেশে ডেঙ্গু রোগী শনাক্ত হয় ১ হাজার ৮১ জন, ফেব্রুয়ারি মাসে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪, জুনে ২ হাজার ৯০৭ জন।
এর মধ্যে জানুয়ারিতে মৃত্যু হয়েছে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মার্চে ১ জন, জুনে ১৩ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে চট্টগ্রামের হাসপাতালগুলোতে ভর্তি হন ৬৯ জন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ১১ জন। ১৫ জন ভর্তি হন দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ভর্তি হন আরো ৫০ জন।
বিভাগের মধ্যে বরিশালে ৪ জন, খুলনায় ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে বরিশাল বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে ।
এদিকে গত ২৪ ঘণ্টায় আরো ১৫৪ জন ডেঙ্গু রোগী সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ১৫ হাজার ৩১০ জন রোগীর মধ্যে সুস্থ্য হয়ে ফিরেছেন ১৪ হাজার ৮৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্তদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি হাসপাতালে ভর্তি হয় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন । একই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৭০৫ জনের।
পূর্বকোণ/আদর/পারভেজ















