চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

গুলির পর লুটিয়ে পড়লেন যুবলীগ কর্মী, এরপর কুপিয়ে হত্যা

গুলির পর লুটিয়ে পড়লেন যুবলীগ কর্মী, এরপর কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

৩১ জুলাই, ২০২৬ | ১১:২৬ পূর্বাহ্ণ

খুলনায় গুলি করে আহতের পর এক যুবলীগ কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সোয়া ১২টায় নগরের দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতের নাম মো. ইসমাইল (৩২)। তিনি ওই এলাকার শাজাহান ওরফে পাগলা শাজাহানের ছেলে এবং যুবলীগ কর্মী ছিলেন। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে এবং কেএমপির তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে ইসমাইল দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ইসমাইলের মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। এরপর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ইসমাইলের মাথায় গুলি করে। মৃত্যু নিশ্চিত করতে পরে তার মাথায় ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

ওসি বলেন, ‘ইসমাইলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা বিচারাধীন। তিনি মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।’

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট