চট্টগ্রাম মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সর্বশেষ:

টিসিবির লাইনে দাঁড়িয়ে দেয়াল ধসে ২ জনের মৃত্যু

টিসিবির লাইনে দাঁড়িয়ে দেয়াল ধসে ২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

২৮ জুলাই, ২০২৬ | ৬:৩৮ অপরাহ্ণ

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর একটি দেয়াল ধসে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন।

 

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের পুরনো দেয়াল ধসে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলের সড়কটি মিরপুরের লাভ রোড হিসেবে পরিচিত।

 

নিহত একজনের নাম নাসিমা বেগম, তিনি মিরপুর-২ জনতা হাউজিং এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন তাঁর স্বজনরা। এছাড়া আনুমানিক ৪০ বছর বয়সী এক পুরুষের মৃত্যু হয়েছে, তার নাম-পরিচয় জানা যায়নি।

 

মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বলেন, দুপুর ১টা ২৬ মিনিটের দিকে হঠাৎ মিরপুর কলেজের দেয়াল ধসে পড়লে ৮ জন আহত হয়। পরে তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করা হয়।

 

ওসি বলেন, সেখানে প্রতিদিনই টিসিবির পণ্য বিক্রি হয়। কিছুটা কম দামে নিত্যপণ্য নিতে মানুষ ভিড় করে এখানে। তখন অনেক মানুষ পণ্য সংগ্রহের পেছনে লাইনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করেই প্রাচীরটি লাইনে দাঁড়ানো লোকজনের ওপর ধসে পড়ে। এতে কয়েকজন দেয়ালচাপা পড়েন। লোকজন ভাঙা দেয়াল সরিয়ে আহতদের উদ্ধার করেন।

 

ওসি হাফিজুর বলেন, “একটা বিকট শব্দ হয়। পাশেই আমাদের একটি মোবাইল (টহল) টিম ছিল। পরে আমরা গেলাম। সবাই মিলে ইটের নিচে চাপা পড়া লোকজনকে উদ্ধার করার চেষ্টা করি।

 

“আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ সময় নাসিমা বেগম নামের ওই নারীকে পঙ্গু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে।”

 

পরে ঢাকা মেডিকেলে এক পুরুষকে মৃত ঘোষণা করা হয়। সেখানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন আরেক নারী।

 

ওসি বলছেন, “ওই দেওয়ালটা অনেক পুরনো। এটার উচ্চতাও অনেক বেশি, ১০ থেকে ১২ ফিট হবে।”

 

এদিকে ঘটনাস্থলে উপস্থিত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের জোনাল পুলিশ সুপার মোস্তাক সরকার বলেন, হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য জানানো হবে।

 

পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট