চট্টগ্রাম মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সর্বশেষ:

‘মেয়ের কাণ্ডে’ জামায়াত এমপির বাড়ি ঘেরাও

‘মেয়ের কাণ্ডে’ জামায়াত এমপির বাড়ি ঘেরাও

অনলাইন ডেস্ক

২৮ জুলাই, ২০২৬ | ৪:৫৪ অপরাহ্ণ

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বিরুদ্ধে মাদরাসার শিশু শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে।

এর প্রতিবাদে মঙ্গলবার (২৮ জুলাই) সকালে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

স্থানীয়দের অভিযোগ, গতকাল সোমবার এমপি গোলাম রসুলের বাড়ির বিপরীত পাশে অবস্থিত আল মাদরাসাতুল শারইয়্যাহ’র শিশুদের মারধর করেন এমপির মেয়ে। আজ সকালে ফের শিশু ও অভিভাবকদের ওপর চড়াও হন তিনি। একপর্যায়ে অভিভাবকদের একজনকে তালা দিয়ে মাথায় আঘাত করেন তিনি। এতে অভিভাবক ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

তারা সংঘবদ্ধ হয়ে এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন অনেকে। ইটপাটকেল মেরে জানালার গ্লাস ভেঙে দেন তারা। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে।

এদিকে অভিযোগ অস্বীকার করে গোলাম রসুলের স্ত্রী শারমিন ভিনা বলেন, তাদের মেয়ে অনন্যা মানসিক সমস্যায় ভুগছে। তার দাবি, মাদরাসা বন্ধ থাকার পরও কিছু শিশু সেখানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। এ বিষয়ে প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে অভিযোগ আনা হচ্ছে এবং বাড়িতে হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, এমপির পরিবারের সঙ্গে মাদরাসার শিক্ষার্থীদের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা দুপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করছি।

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট