নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর মানবিক বাংলাদেশে অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ হবে না।
সোমবার (২৭ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে ‘ওয়ার্ল্ড হেড অ্যান্ড নেক ক্যানসার ডে-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রী বলেন, সরকার শুধু স্বাস্থ্য খাত নয়, দেশের সার্বিক উন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর।
বিএনপির নির্বাচনী ইশতেহারে যেসব বিষয়ে অঙ্গীকার করা হয়েছে, ধীরে ধীরে সেগুলো বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, সমাজে বসবাসকারী মূক ও বধির ব্যক্তিরাও সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।
এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে মন্ত্রী জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের নবনির্মিত অডিটরি ভারবাল থেরাপি (এভিটি) সেন্টার উদ্বোধন করেন।
জন্মগতভাবে বা পরবর্তীতে শ্রবণশক্তি হারানো এবং অন্য কোনো উপায়ে যাদের শ্রবণক্ষমতা ফিরিয়ে আনা সম্ভব নয়, তাদের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ব্যয়বহুল ‘কক্লিয়ার ইমপ্লান্টেশন’ সার্জারি করা হয়। পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন পরিচালিত এভিটি সেন্টারে থেরাপির মাধ্যমে তাদের স্বাভাবিকভাবে কথা বলা শেখানোর ব্যবস্থা করা হবে।
মন্ত্রী এভিটি সেন্টারটি বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান।
অনুষ্ঠান শেষে সমাজকল্যাণমন্ত্রী হেড অ্যান্ড নেক সংক্রান্ত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মধ্যে অনুদানের চেক ও প্রয়োজনীয় ডিভাইস বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনোয়ার হোসেন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাজহারুল শাহীন, বাংলাদেশ সোসাইটি ফর হেড অ্যান্ড নেক সার্জনের সভাপতি অধ্যাপক ডা. মো. আব্দুস সাত্তারসহ নাক, কান ও গলা বিভাগের চিকিৎসকরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. হাসান জাফর।
পূর্বকোণ/রেহেনুমা/পারভেজ















