চট্টগ্রাম শনিবার, ২৫ জুলাই, ২০২৬

সর্বশেষ:

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০২৬ | ৮:৪৩ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

 

আজ শনিবার (২৫ জুলাই)  প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

সাক্ষাতের শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান এবং তাঁর সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন। নৌবাহিনী প্রধানও দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।

 

প্রধানমন্ত্রী নৌবাহিনীকে একটি আধুনিক, ত্রিমাত্রিক ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে আরও সুদৃঢ়ভাবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বর্তমান নৌপ্রধানের নেতৃত্বে বাহিনী ভবিষ্যতে আরও সক্ষম ও প্রযুক্তিসমৃদ্ধ হিসেবে আত্মপ্রকাশ করবে।

 

প্রধানমন্ত্রী বাংলাদেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুনীল অর্থনীতির (Blue Economy) বিকাশে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

 

নৌবাহিনী প্রধান প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে দেশীয় প্রযুক্তির বিকাশ এবং গবেষণার মাধ্যমে স্বনির্ভরতা অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, বর্তমানে নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডগুলোতে নিজস্ব সক্ষমতায় যুদ্ধজাহাজ ও নৌযান নির্মাণ ও মেরামতের কাজ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

 

‘সেন্টার ফর নেভাল রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে’র মাধ্যমে আধুনিক প্রযুক্তি উদ্ভাবন করে বৈদেশিক মুদ্রার সাশ্রয় এবং প্রতিরক্ষা শিল্পে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী।

 

প্রধানমন্ত্রী নৌবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। নৌবাহিনী প্রধানও সকল স্তরের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় একটি দক্ষ ও উদ্যমী নৌবাহিনী গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট