এ বছর পবিত্র হজ পালনের উদ্দেশে ১৩৪টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন মোট ৫২ হাজার ৩৩৪ বাংলাদেশি হজযাত্রী।সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী- এই পর্যন্ত সৌদি আরবে ১৩ বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। আজ মঙ্গলবার (১২ মে) এসব তথ্য জানা গেছে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত সর্বশেষ বুলেটিন থেকে।
সর্বশেষ মক্কায় মারা গেছেন সাভারের নুসরাত শারমীন (৬২)। তিনি বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী। এ পর্যন্ত মারা যাওয়া বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে ১০ জন পুরুষ, তিনজন নারী। এর মধ্যে মক্কায় ১১ জন ও মদিনায় দুইজনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬৩টি ফ্লাইটে ২৫ হাজার ৭৩ জন, সৌদি এয়ারলাইনসের ৪৯টি ফ্লাইটে ১৮ হাজার ৪০২ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে আট হাজার ৮৫৯ জন যাত্রী সৌদি আরবে গেছেন।
আরও জানা যায়- সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ২৪ হাজার ৯৩৯টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্ক ১৫ হাজার ২০টি সেবা প্রদান করেছে।
সরকারি তথ্যানুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে চার হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন।
গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
পূর্বকোণ/এএইচ


















