চট্টগ্রাম শনিবার, ০৬ জুন, ২০২৬

পুলিশের ওভারটাইম ভাতা ও বিশেষ পদোন্নতির পরিকল্পনা সরকারের

পুলিশের ওভারটাইম ভাতা ও বিশেষ পদোন্নতির পরিকল্পনা সরকারের

অনলাইন ডেস্ক

১০ মে, ২০২৬ | ৭:৩১ অপরাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য বিশেষ নীতিমালার ভিত্তিতে ওভারটাইম ভাতা প্রদানের পরিকল্পনা করছে সরকার। পুলিশের ইন্সপেক্টর থেকে শুরু করে কনস্টেবল পদ পর্যন্ত এই ভাতা প্রদানের বিষয়টি বিবেচনা করা হতে পারে, যা বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি ও সেবার মান উন্নয়নে সহায়ক হবে।

 

আজ রবিবার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক পুলিশ সদস্য দীর্ঘ ৪০ বছর চাকরি করেও পদোন্নতি পান না । এই সমস্যা সমাধানে বিশেষ নীতিমালা ও সন্তোষজনক চাকরির রেকর্ড বিবেচনায় নিয়ে অবসরকালীন সময়ে অনারারি পদোন্নতির ব্যবস্থা করা হবে । এর ফলে যোগ্য সদস্যদের কনস্টেবল থেকে অনারারি এএসআই, এএসআই থেকে অনারারি এসআই এবং এসআই থেকে অনারারি ইন্সপেক্টর পদে পদোন্নতি দেওয়া হবে। এছাড়া পুলিশের আবাসন সমস্যা দূরীকরণে ভূমি অধিগ্রহণ ও প্রয়োজনীয় অর্থ সংস্থানকে সরকার অগ্রাধিকার দিচ্ছে।

 

পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলোকে আধুনিক ও যুগোপযোগী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অপরাধ দমনে পুলিশকে আরও দক্ষ করতে আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তির ওপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি অনলাইন জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং প্রতিরোধে নতুন এবং যুগোপযোগী আইন প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতির কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া ‘মব কালচার’ বন্ধে বিদ্যমান আইন সংশোধন ও সংযোজন করার পরিকল্পনাও সরকারের রয়েছে। তিনি পুলিশ বাহিনীকে জনআকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দেন।

 

সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির এবং অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট