চট্টগ্রাম শনিবার, ০৬ জুন, ২০২৬

গরু চুরির অভিযোগে ৩ জনকে পিটিয়ে হত্যা, পিকআপে আগুন

অনলাইন ডেস্ক

১০ মে, ২০২৬ | ১১:১৪ পূর্বাহ্ণ

গাজীপুরে গরু চুরির অভিযোগে তিন জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (১০ মে) ভোর ৪টায় গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ১০ থেকে ১২ সদস্যের একটি সংঘবদ্ধ গরু চোর চক্র একটি পিকআপ ভ্যান নিয়ে বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে যায়। বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজনকে ডাক দিলে স্থানীয়রা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে জনতা তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দাসহ তিন জনকে আটক করে পিটুনি দেয়। তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ওসি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট