চট্টগ্রাম শনিবার, ০৬ জুন, ২০২৬

বিএসএফের গুলিতে কলেজছাত্রসহ দুই বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক

৯ মে, ২০২৬ | ১২:০৮ অপরাহ্ণ

ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

শুক্রবার রাত ১১টায় ব্রাহ্মণবাড়িয়া উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্তে এ গুলির ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চন্ডিদ্বার বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মো. মুইনুদ্দিন।

নিহতরা হলেন, গোপীনাথপুর ইউনিয়নের ধজনগরের বাতেনবাড়ি গ্রামের হেবজু মিয়ার ছেলে মো. মুরসালিন (২০) এবং মধুপুর গ্রামের নবীর হোসেন (৪০)।

মুরসালিন গোপীনাথপুর শাহআলম ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। দু’জনের লাশ আগরতলার জিবি হাসপাতালে রয়েছে বলে দাবি পারিবারের।

এ ঘটনায় বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত ১১টায় আনুমানিক ১৫ জন বাংলাদেশি চোরাকারবারী ভারতীয় চোরাকারবারীর সহায়তায় ভারতের অভ্যন্তরে ধজনগর-পাথারিয়াদ্বার এলাকায় প্রবেশ করে। পরবর্তীতে ভারত থেকে চোরাচালানী মালামাল নিয়ে ফেরার সময় প্রতিপক্ষ ৪৯ বিএসএফ ব্যাটালিয়নের পাথারিয়াদ্বার ক্যাম্পের টহল দল তাদের বাধা দেয়। বাংলাদেশি চোরাকারবারীরা বিএসএফ সদস্যর উপর চড়াও হলে তাদের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। হাতাহাতির এক পর্যায়ে বিএসএফ সদস্য চোরাকারবারীর উপর ২টি রাউন্ড ছররা গুলি করে। এতে মো. মুরসালিন এবং অপর একজন আহত হয়। পরে ভারতের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেছেন বলে বিএসএফ নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৬০ বিজিবির (সুলতানপুর ব্যাটালিয়ান) অধিনায়ক বিএসএফ কমান্ডেন্টের সঙ্গে যোগাযোগ করে নিহতদের লাশ বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে কাজ করছেন। বিএসএফকে প্রতিবাদ লিপি পাঠানো এবং পতাকা বৈঠকের বিষয়টি প্রক্রিয়াধীন ।

এছাড়া অবৈধ অনুপ্রবেশকারী ২ জন আগে থেকে চোরাচালানী মালামাল পরিবহনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল বলে বিজ্ঞপ্তিতে দাবি করেছে বিজিবি।

চন্ডিদ্বার বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মো. মুইনুদ্দিন বলেন, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক আছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট