যুক্তরাজ্যজুড়ে লেবার পার্টির ভরাডুবির মধ্যেও ব্রিটিশ রাজনীতির ইতিহাসে নিজের নাম খোদাই করলেন ফরহাদ হোসেন। লন্ডনের ইতিহাসে মূলধারার কোনও দলের প্রার্থী হিসেবে লেবার পার্টির মনোনয়নে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। সিলেটের শিকড় থেকে উঠে আসা ফরহাদ নিউহ্যামের বাসিন্দাদের নিরঙ্কুশ জনসমর্থন পেয়েছেন।
নির্বাচনে ২৫ হাজার ৫৩৮ ভোট পেয়ে বড় জয় পেয়েছেন ফরহাদ হোসেন। তিনি সদ্য বিদায়ী মেয়র রোকসানা ফিয়াজের স্থলাভিষিক্ত হলেন, যিনি টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। লন্ডনের অন্যত্র গ্রিন পার্টি এবং রিফর্ম ইউকের কাছে লেবার পার্টি যখন কঠিন চ্যালেঞ্জের মুখে, তখন ফরহাদের এই জয় পূর্ব লন্ডনে দলের আধিপত্য ধরে রাখতে শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে।
নবনির্বাচিত মেয়র ফরহাদ হোসেন নিউহ্যামের প্রশাসনিক কর্মকাণ্ডে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন। ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি প্লাস্টো নর্থের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি অপরাধ দমন, অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ এবং বাণিজ্যিক সুযোগ সৃষ্টি সংক্রান্ত গুরুত্বপূর্ণ পোর্টফোলিওগুলোর প্রধান হিসেবেও কাজ করেছেন।
পূর্বকোণ/আরআর


















