আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার (৮ মে) সকাল থেকে অনলাইন ও কাউন্টার উভয় মাধ্যমেই টিকিট বিক্রি চলছে।
জানা গেছে, এবার ২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার জন্য অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। ফলে যাত্রীরা এখন থেকেই বিভিন্ন রুটের টিকিট সংগ্রহ করতে পারছেন।
অগ্রিম টিকিট বিক্রি প্রসঙ্গে শ্যামলী এন আর ট্রাভেলসের জেনারেল ম্যানেজার জীবন চক্রবর্তী জানান, আজ সকাল থেকেই তাদের সব রুটের টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইনের পাশাপাশি কাউন্টার থেকেও টিকিট বিক্রি চলছে।
গ্রীন লাইন পরিবহন জানিয়েছে, ঈদুল আজহার টিকিট তাদের সকল কাউন্টার ও অনলাইনে পাওয়া যাচ্ছে। প্রতিষ্ঠানটি সতর্ক করে বলেছে, ঈদের টিকিট কোনো অবস্থাতেই ফেরত, পরিবর্তন বা রিফান্ড করা হবে না। তাই টিকিট কেনার সময় যাত্রীদের দিন, তারিখ ও সময় ভালোভাবে দেখে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে সচল মোবাইল নম্বর ব্যবহার করতে বলা হয়েছে, যাতে প্রয়োজনে যাত্রীদের সঙ্গে যোগাযোগ করা যায়। একই সঙ্গে ঈদের অনলাইন টিকিটের প্রিন্ট কপি সঙ্গে রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
পূর্বকোণ/এএইচ


















