হামের টিকা সংক্রান্ত বিষয়টি তদন্ত করে কারা দায়ী তা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তদন্তে যদি কারও বিরুদ্ধে অবহেলার অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত।
মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, যখন একটি সংকট তৈরি হয়, তখন সেখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে একই ধরনের নতুন সংকটের পথ বন্ধ করা যায়। সাম্প্রতিক সময়ে হাম নিয়ে যে সংকট তৈরি হয়েছিল, ভবিষ্যতে যেন অন্য কোনও রোগের ক্ষেত্রে কিংবা হাম নিয়েও যেন আর কখনও এমন পরিস্থিতি সৃষ্টি না হয়।
তিনি বলেন, একটি সভ্য জাতি হিসেবে জনস্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ ইস্যুতে অপ্রয়োজনীয় বিতর্ক বা বিভ্রান্তি তৈরি করা উচিত নয়। দেশের টিকাদান কর্মসূচি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি প্রতিষ্ঠিত ব্যবস্থার আওতায় পরিচালিত হয়ে আসছে। সে ব্যবস্থায় কিছু পরিবর্তনের চিন্তা করা হয়েছিল। তিনি বলেন, সংশ্লিষ্টদের কোনও খারাপ উদ্দেশ্য ছিল বলে তিনি মনে করেন না। অন্তর্বর্তী সরকার শিশু মৃত্যুর মতো কোনও পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল- এমন ধারণারও কোনও ভিত্তি নেই।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা জানান, দেশের চলমান টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে এবং তা আরও জোরদার করা হবে। সতর্কতা আগেও ছিল, তবে সাম্প্রতিক ঘটনার পর সতর্কতা আরও বাড়ানো হবে।
পূর্বকোণ/এএইচ


















