দেশের বিভিন্ন স্থানে ব্যাংকের গ্রাহকদের সাম্প্রতিক আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের দাবির আড়ালে কোনও বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় অরাজকতা সৃষ্টির চেষ্টা হচ্ছে কিনা—সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার (৪ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “গ্রাহকরা তাদের দাবিদাওয়া নিয়ে শান্তিপূর্ণ ও আইনসঙ্গতভাবে আন্দোলন করতে পারেন। তবে কোনও অবস্থাতেই ব্যাংকের শাখায় তালা ঝুলিয়ে কার্যক্রম ব্যাহত করা গ্রহণযোগ্য নয়।” এই ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও তিনি সতর্ক করেন।
তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে কয়েকটি ব্যাংকে গণছাঁটাইয়ের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ উঠেছে, কোনও কোনও ক্ষেত্রে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর সদস্যদের পুনর্বাসনের উদ্দেশ্যে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা— তাও যাচাই করছে কেন্দ্রীয় ব্যাংক।
পূর্বকোণ/আরআর


















