চট্টগ্রাম শনিবার, ০৬ জুন, ২০২৬

সর্বশেষ:

‘সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি’

অনলাইন ডেস্ক

৩ মে, ২০২৬ | ১২:৩৫ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সততা, মেধা ও দক্ষতাই জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি।

রবিবার (৩ মে) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী পর্বে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী দেশের যে কোনো স্থানে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের (ডিসি) প্রস্তুত থাকতে বলেন।

ডিসিদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনপ্রশাসনের প্রতিটি পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করতে হবে এবং দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের জন্য নিজেদের সবসময় প্রস্তুত রাখতে হবে।

তিনি আরও বলেন, সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি জনপ্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়। দেশে দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে উল্লেখ করে তিনি দাবি করেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জনগণের দুর্ভোগ না বাড়িয়ে সমস্যার সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা চলছে।

ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকারের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের সব বিষয় পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

এ সময় তিনি জেলা প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সন্ধ্যা ৭টার পর মার্কেট ও শপিংমলে বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে এবং এ বিষয়ে নজরদারি বাড়াতে হবে।

এর আগে সকাল ১০টা ২০ মিনিটের দিকে সচিবালয়ে নিজ দফতর থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনস্থলে যান প্রধানমন্ত্রী। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানান।

পূর্বকোণ/এএইচ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট