দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের আটটি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান।
তিনি বলেন, “পুলিশ সদর দপ্তরের চিঠির পর দেশের ৮টি বিমানবন্দরে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরগুলো সবসময়ই কঠোর নিরাপত্তা বলয়ে থাকে। এরপরও পুলিশ সদর দপ্তরের চিঠি পাওয়ার পর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। এটি আমাদের নিয়মিত কাজেরই অংশ।”
এর আগে গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সতর্কবার্তায় বলা হয়, ‘নিষিদ্ধঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা’ জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় হামলা চালাতে পারে।
ওই বার্তায় নির্দিষ্ট করে কোনো উগ্রবাদী সংগঠনের নাম বলা হয়নি। তবে সম্প্রতি ওই সংগঠনের ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদ নামে এক সদস্যকে গ্রেপ্তারের তথ্য দেওয়া হয়েছে।
বাংলাদেশে বর্তমানে তিনটি আন্তর্জাতিক (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট) এবং পাঁচটি অভ্যন্তরীণসহ মোট আটটি বিমানবন্দর চালু রয়েছে। সাধারণত এসব বিমানবন্দরে বেবিচকের নিজস্ব এভিয়েশন সিকিউরিটির (এভসেক) পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং অন্যান্য গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকে। সূত্র: বিডিনিউজ
পূর্বকোণ/পিআর





















