চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরীর বাবা দেব প্রসাদ রায়কে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে । এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন পূজা চেরী।
বাবার গ্রেপ্তারের বিষয়টি সামনে আসার পর আজ রবিবার (২৬ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে পূজা চেরী তাঁর অবস্থান স্পষ্ট করেন। তাঁর বক্তব্যের মূল পয়েন্টগুলো নিচে তুলে ধরা হলো:
ব্যক্তিগত সংশ্লিষ্টতা অস্বীকার: পূজা চেরী স্পষ্টভাবে জানিয়েছেন যে, তাঁর বাবার বিরুদ্ধে ওঠা এই অভিযোগের সঙ্গে ব্যক্তিগতভাবে তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
আর্থিক স্বাধীনতা: তিনি উল্লেখ করেন যে, দীর্ঘ ১০-১২ বছর ধরে তিনি মিডিয়াতে কাজ করছেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের খরচ সম্পূর্ণভাবে নিজেই নির্বাহ করছেন।
ব্যবসায়িক সম্পর্ক: পূজা জানান, তাঁর বাবার কোনো ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক লেনদেনের সঙ্গে তাঁর বিন্দুমাত্র সম্পর্ক নেই এবং তিনি বর্তমানে কোনো প্রোডাকশন হাউজ বা প্রযোজনা প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গেও যুক্ত নন।
মানসিক অবস্থা ও আইনি প্রক্রিয়া: পরিবারের সদস্য হিসেবে এই পরিস্থিতি তাঁর জন্য মানসিকভাবে কষ্টদায়ক হলেও তিনি বিষয়টিকে তাঁর বাবার ব্যক্তিগত আইনি বিষয় হিসেবে দেখছেন। তিনি বলেন, “আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সত্য উদ্ঘাটিত হবে”।
অনুরোধ: অভিনেত্রী এই স্পর্শকাতর সময়ে তাঁকে বা তাঁর কাজকে এই ঘটনার সঙ্গে না জড়ানোর জন্য সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন ।
বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং বিষয়টি বিজ্ঞ আদালত দেখবেন বলে পূজা চেরী ফেসবুক পোস্টে উল্লেখ করেন ।
চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে ব্যবসায়ী মিজানুর রহমানের কাছ থেকে বিভিন্ন সময়ে মোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাতের অভিযোগে ক্যান্টনমেন্ট থানায় এই মামলাটি করা হয়। মামলার এজাহার অনুযায়ী, ২০১৯ সাল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত বিভিন্ন সময়ে এই অর্থ লেনদেন হয়েছে। এই মামলার ভিত্তিতেই পুলিশ শনিবার পূজা চেরীর বাবাকে গ্রেপ্তার করে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ





















