চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি ২০ লাখ টাকারও বেশি আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়। ভুক্তভোগী ব্যবসায়ীর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন আদালত । ২০১৯ সাল থেকে ধাপে ধাপে এই বিপুল অংকের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
পর্দার নায়িকা পূজা চেরির গ্ল্যামারের আড়ালে বাবার বিরুদ্ধে উঠেছে কোটি কোটি টাকা প্রতারণার গুরুতর অভিযোগ । সিনেমা প্রযোজনা ও ব্যবসার প্রলোভন দেখিয়ে ব্যবসায়ী মিজানুর রহমানের কাছ থেকে বিভিন্ন সময়ে মোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাৎ করেছেন দেবু প্রসাদ রায়।
দীর্ঘদিন পার হলেও টাকা ফেরত না দিয়ে নানা টালবাহানা ও হুমকি দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী । গত ১৭ এপ্রিল রাতে ক্যান্টনমেন্টের ইসিবি চত্বরে দেবু প্রসাদকে দেখতে পেয়ে টাকা ফেরত চান মিজানুর রহমান। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে স্থানীয়রা তাকে আটকে রেখে ৯৯৯-এ কল করলে পুলিশ তাকে থানায় নিয়ে যায় ।
ক্যান্টনমেন্ট থানা পুলিশ জানিয়েছে, প্রতারণার অভিযোগে মামলা নথিভুক্ত হওয়ার পর গত ১৮ এপ্রিল তাকে আদালতে পাঠানো হয় এবং আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে লেনদেনের নথি ও ব্যাংক স্টেটমেন্ট যাচাই করছে পুলিশ।
একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী থেকে নায়িকা হওয়া পূজা চেরির বাবার এমন কর্মকাণ্ড এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ





















