চট্টগ্রাম মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

চামড়া পাচার ও গরু চোরাচালান রোধে কঠোর অবস্থানে বিজিবি
ফাইল ছবি

চামড়া পাচার ও গরু চোরাচালান রোধে কঠোর অবস্থানে বিজিবি

অনলাইন ডেস্ক

৫ জুন, ২০২৫ | ৮:৩৮ অপরাহ্ণ

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্ত দিয়ে গরু চোরাচালান ও কোরবানির চামড়া পাচার ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ১৫ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে এবং সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ ও পাচার রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিজিবি জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে দেশের চাহিদা অনুযায়ী কোরবানির পশুর পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে পার্শ্ববর্তী দেশ থেকে গরু চোরাচালান বন্ধে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনী। এর ফলে দেশীয় খামারিরা ন্যায্য দাম পেয়ে লাভবান হবেন বলে আশা করা হচ্ছে।

ঈদের পর কোরবানির চামড়া যাতে সীমান্ত দিয়ে পাচার হয়ে না যায়, সে দিকেও নজর দিচ্ছে বিজিবি। চামড়া পাচার ঠেকাতে সীমান্তবর্তী এলাকা ও সম্ভাব্য চোরাইপথে বিশেষ নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান বলেন, ‘সীমান্তে গরু চোরাচালান ও চামড়া পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি ঈদের ছুটিতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও আমরা প্রস্তুত। সীমান্তে পুশইন প্রতিরোধেও নজরদারি বাড়ানো হয়েছে।’

তিনি আরও জানান, পুশইন বন্ধে বিএসএফের সঙ্গে নিয়মিতভাবে পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিত প্রতিবাদ জানানো হচ্ছে। স্থানীয় জনসাধারণকেও সম্পৃক্ত করে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি রাখা হয়েছে।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট