চট্টগ্রাম বুধবার, ২৪ জুন, ২০২৬

এআই যুগে বৈশ্বিক ক্যারিয়ার গঠনে সিআইইউতে সেমিনার অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি

২৩ জুন, ২০২৬ | ১১:৪১ অপরাহ্ণ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ভবিষ্যৎ বিশ্বে সফল ক্যারিয়ার গঠন ও নেতৃত্বের গুণাবলি অর্জনের গুরুত্ব তুলে ধরতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) একটি সেমিনার রবিবার (২১ জুন) বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর উদ্যোগে আয়োজিত “ফ্রম চিটাগং টু দ্য ওয়ার্ল্ড: বিল্ডিং এ গ্লোবাল ক্যারিয়ার ইন দ্য এজ অব এআই” শীর্ষক সেমিনারে প্রধান বক্তা ছিলেন কমিউর বাংলাদেশ (পূর্বনাম অগমেডিক্স বাংলাদেশ)-এর কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রাশেদ মুজিব নোমান।
তিনি তাঁর বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর বিশ্বে সফল ক্যারিয়ার গঠনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, উদ্ভাবনী চিন্তাশক্তি এবং আজীবন শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই সময়ে শুধু একাডেমিক ফলাফল নয়, বরং সমস্যা সমাধানের দক্ষতা, কার্যকর যোগাযোগ, সৃজনশীল চিন্তাভাবনা এবং নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতাই একজন শিক্ষার্থীকে বৈশ্বিক কর্মক্ষেত্রে সফল করে তুলতে পারে। তিনি শিক্ষার্থীদের এআইকে ভয় না পেয়ে দক্ষতা বৃদ্ধির একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহারের পরামর্শ দেন।

সেমিনারে সভাপতিত্ব করেন সিআইইউর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. আসিফ ইকবাল।

তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লব ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করতে বিশ্ববিদ্যালয় নিয়মিতভাবে যুগোপযোগী বিভিন্ন কর্মসূচি আয়োজন করে আসছে। তিনি প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি নেতৃত্ব, নৈতিকতা এবং সৃজনশীল দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ারিং স্কুলের শিক্ষার্থী সায়মা সাদিয়া। সেমিনারের প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা এআই, বৈশ্বিক চাকরির বাজার, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্যারিয়ার গঠনের বিভিন্ন বিষয় নিয়ে প্রধান বক্তার সঙ্গে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন।
সেমিনারে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, এ আয়োজন তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা এবং বৈশ্বিক কর্মপরিবেশ সম্পর্কে নতুন ধারণা ও অনুপ্রেরণা দিয়েছে। অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারীরা নেতৃত্ব, লাইফলং লার্নিং এবং এআই-চালিত ভবিষ্যতে টিকে থাকার বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা ও কৌশল সম্পর্কে মূল্যবান দিকনির্দেশনা লাভ করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এবং বৈশ্বিক পর্যায়ে প্রতিযোগিতামূলক ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট