চট্টগ্রাম রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ইউসুফ চৌধুরীসহ গুণীজনরা পেলেন সম্মাননা, শিক্ষার্থীরা বৃত্তি
ক্যাপশন- গুণীজন সংবর্ধনায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. হাবিবুল গণির কাছ থেকে পূর্বকোণ পরিবারের পক্ষে একুশে পদকের সম্মাননা গ্রহণ করছেন পূর্বকোণ প্রতিনিধি খন্দকার নজরুল ইসলাম

চট্টগ্রাম সমিতি-ঢাকার আয়োজন

ইউসুফ চৌধুরীসহ গুণীজনরা পেলেন সম্মাননা, শিক্ষার্থীরা বৃত্তি

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০২৬ | ১২:০০ পূর্বাহ্ণ

চট্টলদরদী মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরীসহ জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা বৃহত্তর চট্টগ্রামের কৃতী ব্যক্তিত্বদের সম্মাননা এবং মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি-ঢাকা।
 
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর তোপখানা রোডে চট্টগ্রাম সমিতি-ঢাকার নিজস্ব ভবনের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. হাবিবুল গণি। 
 
চট্টগ্রাম সমিতি-ঢাকার সভাপতি ইমেরিটাস অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন চৌধুরী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া, হাসপাতাল কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল, সমিতির সাবেক সভাপতি ও সাবেক কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী, অনুষ্ঠানের আহ্বায়ক ও সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, গিয়াস উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক চৌধুরী, যুগ্ম সম্পাদক শফিকুর রহমান, অর্থ সম্পাদক আরিফ উদ্দিন।
অনুষ্ঠানে ২০২৫ ও ২০২৬ সালে মহান স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ডা. জাফরুল্লাহ চৌধুরী, ইমেরিটাস অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম ও নভেরা আহমেদের সম্মানে স্মারক প্রদান করা হয়। তাদের মধ্যে প্রয়াত ব্যক্তিদের পক্ষে প্রতিনিধিরা সম্মাননা গ্রহণ করেন।
একইভাবে ২০২৫ ও ২০২৬ সালে একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু, ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া ও চট্টলদরদী মোহাম্মদ ইউসুফ চৌধুরীকে সম্মাননা জানানো হয়। এ ছাড়া ২০২৪ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ড. সলিমুল্লাহ খানকেও সংবর্ধনা দেওয়া হয়।
 
অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজন ছিল শিক্ষাবৃত্তি প্রদান। ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত মোট ৩৩ শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়।
 
আয়োজকরা জানান- চট্টগ্রাম সমিতি-ঢাকার এ আয়োজনের মধ্য দিয়ে একদিকে বৃহত্তর চট্টগ্রামের কৃতী ব্যক্তিত্বদের জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও অনুপ্রেরণা জোগানোর প্রচেষ্টা তুলে ধরা হয়েছে।
 
পূর্বকোণ/পারভেজ
 
 
 
 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট