যশোরে ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চট্টগ্রাম থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর ডাবলমুরিং থানাধীন হাজিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনির হোসেন যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চায়না বাজার এলাকার মৃত আহমদ আলীর ছেলে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুরুজ্জামান বলেন, নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকাণ্ডে মনির হোসেন নামে সন্দেহভাজন এক যুবককে চট্টগ্রামের ডাবলমুরিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না।
এর আগে বুধবার অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামে পীরবাড়ী মসজিদের সামনে নিজের নির্মাণাধীন ৬ তলা ভবনের সামনে খুন হন ব্যবসায়ী আনিছুর রহমান। তিনি নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জয়েন্ট ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের পরিচালক ছিলেন।
পূর্বকোণ/এএইচ
















