চট্টগ্রাম নগরীতে প্রায় ১৫ লাখ টাকার গার্মেন্টস পণ্য আত্মসাৎ মামলায় মূলহোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আত্মসাৎ করা কাপড়ের ছয়টি রোল উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১২ মে) নগরীর বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
গ্রেপ্তাররা হলেন— মো. বেলাল (২৯), মো. আনোয়ার (৩১), মো. ফারুক (৩২), মো. নাছির (৫২) ও মো. জসিম (৪১)।
পুলিশ জানায়, মো. বেলাল একটি পণ্যবাহী গাড়ির চালকের কাজ করতেন। গত ১৩ এপ্রিল চট্টগ্রাম বন্দরের এনসিওয়াই ইয়ার্ড থেকে নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত সিমবা ফ্যাশন লিমিটেডে পৌঁছে দেওয়ার জন্য ৩৭ রোল গার্মেন্টস পণ্য গাড়িতে লোড করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
তবে নির্ধারিত গন্তব্যে পণ্য পৌঁছে না দিয়ে বেলাল তার সহযোগীদের সহায়তায় প্রতারণার মাধ্যমে সেগুলো আত্মসাৎ করেন। এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ।
বন্দর থানা পুলিশ আজ মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে পলাতক আসামি বেলালকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করা করে।
পরে গ্রেপ্তার আসামি মো. নাছিরের স্বীকারোক্তি অনুযায়ী আত্মসাৎ করা কাপড়ের ছয়টি খাকি রঙের রোল উদ্ধার করা হয়।
বন্দর থানার অফিসার ইনচার্জ মো. আবদুর রহিম পূর্বকোণ অনলাইন বলেন, চট্টগ্রাম বন্দরের এনসিওয়াই ইয়ার্ড থেকে গাড়িতে বোঝাইকৃত ১৫ লাখ টাকার ৩৭ রোল গার্মেন্টস কাপড় আসামিরা আমদানিকারকের কারখানায় পৌঁছে না দিয়ে পরস্পর যোগসাজসে আত্মসাৎ করে। ভুক্তভোগী প্রতিষ্ঠান এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করে। পরে আজ মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বন্দর থানার মামলা মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
















