চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

ভবন মালিকের কোটি টাকার ভাড়া আত্মসাতের ঘটনায় দুই প্রতারক গ্রেপ্তার

ভবন মালিকের কোটি টাকার ভাড়া আত্মসাতের ঘটনায় দুই প্রতারক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০২৬ | ৭:০৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে এক ভবন মালিকের কাছ থেকে ভাড়া ও অগ্রিম বাবদ আদায় করা এক কোটি ১০ লাখ ৮১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১১ মে) রাতে নগরীর কোতোয়ালী থানাধীন জামালখান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. জসিম উদ্দিন (৩৭) ও মো. মালেক হাওলাদার (৪৬)।

 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, মীর তাওসিফ হোসেন রাকীন (৩৪) নামের এক ভবন মালিক সোমবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, অসুস্থতার সুযোগ নিয়ে গত মার্চ মাসে তার ভবনের কর্মচারী রফিকুর রহমান প্রকাশ ইমনের সহযোগিতায় অভিযুক্ত দুই ব্যক্তি ভবনের ৩৫টি ফ্ল্যাটের ভাড়া ও ভাড়াটিয়াদের কাছ থেকে নেওয়া অগ্রিমের টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেন।

 

অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা বিভিন্ন সময়ে ভাড়াটিয়াদের কাছ থেকে টাকা সংগ্রহ করে তা ভবন মালিককে না দিয়ে নিজেদের কাছে রেখে দেন। এভাবে মোট এক কোটি ১০ লাখ ৮১ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

 

ওসি আরও জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে জামালখান এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার (১২ মে) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

এ ঘটনায় ভবনের কর্মচারী রফিকুর রহমান প্রকাশ ইমনের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।

 

পূর্বকোণ/রাজীব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট