‘চাঁদা না দিলে পুরো শরীরে বোলতার বাসা বানানো হবে, এতোটি গুলি করা হবে যে পরিবার গণনাও করতে পারবে না। যা করার আগামী ২৪ ঘণ্টার মধ্যে করতে হবে। গুলি মানুষ চেনে না।’ ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে চট্টগ্রামে এক সাংবাদিককে এই হুমকি দেওয়া হয়েছে।
মোবারক হোসেন ইমন পরিচয় দিয়ে গতকাল শনিবার (৯ মে) বিকালে বিপ্লব দে পার্থ নামের ওই সাংবাদিককে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই সাংবাদিক।
সাংবাদিক বিপ্লব পার্থ বাংলা টিভির চট্টগ্রাম কার্যালয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। অপরদিকে হুমকিদাতা মোবারক হোসেন ইমন বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী হিসেবে পরিচিত।
শনিবার বিকালে হোয়াটসঅ্যাপে দেওয়া অডিও বার্তায় মোবারক হোসেন সাংবাদিক বিপ্লব পার্থকে বলেন, ‘বোলতার বাসা বানিয়ে ফেলবো। পুরো শরীর এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না। যা করার, আগামী ২৪ ঘণ্টার মধ্যে করতে হবে। গুলি মানুষ চেনে না।’
এ প্রসঙ্গে সাংবাদিক বিপ্লব পার্থ বলেন, ‘বিদেশে পলাতক বড় সাজ্জাদের সহযোগী পরিচয় দিয়ে বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করেন ইমন। প্রথমে তিনি ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা নেই জানালে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় আমি জীবনের নিরাপত্তা চেয়ে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।’
এ প্রসঙ্গে কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিন বলেন, ‘চাঁদা চেয়ে সাংবাদিক বিপ্লব পার্থকে হুমকি দেওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
বর্তমানে চট্টগ্রামে আলোচিত কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর মধ্যে মোবারক হোসেন ইমন উল্লেখযোগ্য। সে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরের মুসার ছেলে। ২০২৫ সালের ৩০ মার্চ চট্টগ্রামের বাকলিয়া এলাকায় জোড়া খুন, একই বছরের ২৩ মে রাতে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় ঢাকাইয়া আকবরকে হত্যাসহ সাত মামলার আসামি।
পূর্বকোণ/আরআর


















