চট্টগ্রাম শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

মাথার পেছনে আটকে আছে গুলি, রৌফাবাদের ঘটনায় আইসিইউতে রেশমি

রৌফাবাদে মাথার পেছনে গুলিবিদ্ধ রেশমি আইসিইউতে

অনলাইন ডেস্ক

৯ মে, ২০২৬ | ৮:১১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত ১১ বছর বয়সী শিশু রেশমি আক্তারের অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন । মাথার ভেতরে বিঁধে থাকা গুলিটি এখনো বের করা সম্ভব হয়নি। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ।

 

চিকিৎসকদের বক্তব্য ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত রেশমির শারীরিক অবস্থা পর্যালোচনায় আজ শনিবার সকালে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড বসেছিল। চিকিৎসকেরা জানিয়েছেন, গুলিটি রেশমির বাঁ চোখ দিয়ে ঢুকে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ ছেদ করে মাথার পেছনের অংশে আটকে আছে। নিউরোসার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার খুরশিদ আনোয়ার জানান, গুলিটি যে অবস্থানে রয়েছে, তা এখন অস্ত্রোপচার করে সরাতে গেলে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের আশঙ্কা রয়েছে। এ কারণে ঝুঁকি বিবেচনায় আপাতত অস্ত্রোপচার না করার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড ।

 

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন জানিয়েছেন, শিশুটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে ।

 

ঘটনার প্রেক্ষাপট গত বৃহস্পতিবার রাতে রৌফাবাদ এলাকায় মায়ের জন্য পান আনতে বাইরে বেরিয়েছিল চতুর্থ শ্রেণির ছাত্রী রেশমি। ওই সময় দুর্বৃত্তরা হাসান রাজু নামে এক যুবককে লক্ষ্য করে গুলি ছুড়লে একটি গুলি রেশমির চোখে লাগে। ঘটনাস্থলেই রাজু নিহত হন এবং পাশ দিয়ে হেঁটে যাওয়া রেশমি গুরুতর আহত হয়।

 

প্রশাসনের তৎপরতায় চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা শুক্রবার রাতে হাসপাতালে রেশমিকে দেখতে যান। তিনি একে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হিসেবে উল্লেখ করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন। বর্তমানে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে কাজ করছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট