চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার সাহস দেখিয়েছে পূর্বকোণ অনলাইন

নিজস্ব প্রতিবেদক

৪ মে, ২০২৬ | ১:৫৪ অপরাহ্ণ

পূর্বকোণ অনলাইন সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার সাহস দেখিয়েছে বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। সোমবার (৪ মে) পূর্বকোণ অনলাইনের ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র এই মন্তব্য করেন।

 

অনুষ্ঠানে অতিথিদের নিয়ে কেক কেটে পূর্বকোণ অনলাইনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সূচনা করেন দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী। এ সময় চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, দি পূর্বকোণ লিমিটেডের পরিচালক তানিতা চৌধুরী, রাইসিনা চৌধুরী, রাইনিসা চৌধুরী উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা দিন দিন কমে যাচ্ছে। অনেকে প্রকৃত ঘটনা না জেনে, ঘটনাস্থলে না গিয়ে প্রতিবেদন তৈরি করছেন। এতে মানুষ সঠিক তথ্য থেকে বঞ্চিত হচ্ছেন। পূর্বকোণ এ ক্ষেত্রে ব্যতিক্রম। তারা প্রতিটি ঘটনার গভীরে গিয়ে সত্য বের করার চেষ্টা করে।

 

সম্প্রতি চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা নিয়েও অনুষ্ঠানে কথা বলেন মেয়র। তিনি বলেন, এই যে জলাবদ্ধতা হলো- এর জন্য আসলে দায়ী কে? সেটা কিন্তু উঠে আসছে না। সবাই মেয়রকে, সিটি করপোরেশনকে দায়ী করছেন। কিন্তু জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ তো আমরা করছি না। তাহলে কেনো আমাদের দোষ দেওয়া হবে?

 

তিনি বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ সিডিএকে দিয়ে শেখ হাসিনা চট্টগ্রামকে নষ্ট করেছেন। কারণ সিডিএর এই সক্ষমতা নেই। ১০ বছরের বেশি সময় চলে গেলেও তারা প্রকল্পের কাজ শেষ করতে পারেনি। সিটি করপোরেশনকে এই দায়িত্ব দিলে কাজটি আরও সহজ হতো। দ্রুত শেষ হতো।

 

সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, চট্টগ্রামের যে কোনো ভালো কাজে পূর্বকোণের অবদান রয়েছে। পূর্বকোণের সাহসী সাংবাদিকতার কারণে চট্টগ্রামের অনেক সমস্যার সমাধান হয়েছে। আমি আশা করি পূর্বকোণ ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।

 

পূর্বকোণ অনলাইনকে দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানিয়ে সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, এখন অনেক অনলাইনের ছড়াছড়ি। কিন্তু তাদের অনেকেই দায়িত্বশীল সাংবাদিকতা করছে না। আমি আশা করবো- পূর্বকোণ অনলাইন আমাদের দায়িত্বশীল সাংবাদিকতা উপহার দেবে।

 

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী পূর্বকোণ অনলাইনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান। তিনি বলেন, এখন অনলাইনের যুগ। পূর্বকোণ অনলাইন দারুন কাজ করছে। তারা প্রতিটি ঘটনা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরে আমাদের কাজে সহায়তা করছে। আশা করি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী অতিথিদের ধন্যবাদ জানান। তিনি বলেন, চট্টগ্রাম আমাদের সবার শহর। এই শহরকে এগিয়ে নিতে আমাদের সবাইকে কাজ করতে হবে।

এ সময় তিনি দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরী এবং মরহুম সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরীকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি পূর্বকোণের অগ্রযাত্রায় সাংবাদিক ও সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং একই সাথে পাঠক, শুভানুধ্যায়ী বিজ্ঞাপনদাতাদের প্রতি সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট