চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে ফলে ‘কার্বাইড’ ব্যবহার না করার নির্দেশ, না মানলে ব্যবস্থা
প্রতীকী ছবি

ফলে ‘কার্বাইড’ ব্যবহার না করার নির্দেশ, না মানলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

৩ মে, ২০২৬ | ৭:১৫ অপরাহ্ণ

আসন্ন দেশীয় ফলের মৌসুমকে সামনে রেখে চট্টগ্রামের ফলমন্ডীর সকল ফল ব্যবসায়ী ও আড়তদারদের উদ্দেশ্যে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতি। বিজ্ঞপ্তিতে তাজা ফল-ফলাদিতে কার্বাইড বা অন্য কোনো ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।েআজ রবিবার (৩ মে) প্রকাশিত চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মুহাম্মদ আলী হোসেন এবং সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ তৌহিদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

সমিতির সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ তৌহিদুল আলম পূর্বকোণ অনলাইনকে বলেন, আমসহ অন্যান্য তাজা ফল-ফলাদিতে কার্বাইড বা অন্য কোনো ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য ব্যবহার থেকে বিরত থাকতে হবে। যদি কোনো দোকান বা আড়তে এ ধরনের ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত পণ্য পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একটা কথা মাথায় রাখতে হবে দিনশেষে আমরাও ভোক্তা। আমরা প্রতিটি দোকানে প্রতিদিনের পণ্যের মূল্য তালিকা স্পষ্টভাবে প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের রশিদ প্রদান ও সংরক্ষণের জন্যও ব্যবসায়ীদের  বলেছি। যদি তারা তা না মানে তাহলে প্রশাসনিক কোনো জটিলতা বা হয়রানির দায় সমিতি বহন করবে না। 

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে,  ফল পাকাতে  ‘ক্যালসিয়াম কার্বাইড’ ব্যবহার মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক এবং বেআইনি। এটি ফলে ব্যবহার করলে আর্সেনিক ও ফসফরাস বিষক্রিয়া, ক্যানসার, লিভার-কিডনির জটিল রোগ, বদহজম এবং চামড়ার সমস্যার কারণ হতে পারে । কার্বাইড-পাকানো ফল দেখতে আকর্ষণীয় হলেও এর স্বাদ পানসে বা তেতো হয়।  এই ধরনের রাসায়নিক ব্যবহার না করে নিরাপদ উপায় অবলম্বন করা উচিত।

পূর্বকোণ/রাজীব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট