চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেটকারের তিন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (৩ নভেম্বর) রাত ৯টার পর টানেলের ভিতরে মধ্য পথে দুর্ঘটনাটি ঘটে। নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা আহতদের উদ্ধার করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের নাম ঠিকানা জানা যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, টানেলের আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গা যাওয়ার পথে টানেলের ভেতর একটি বাস বেপরোয়া গতিতে এসে পিছন দিক দিয়ে প্রাইভেটকারকে ধাক্কায় দেয়। এ সময় প্রাইভেটকারে থাকা নারীসহ ৩ যাত্রী গুরুতর আহত হয়। পরে বাস চালক পালিয়ে যায়।
দুর্ঘটনার শিকার প্রাইভেটকার ও বাসটি জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল প্রকল্পের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা। তিনি মুঠোফোনে পূর্বকোণকে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এতে টানেলের কোন ক্ষতি হয়নি। আহতদের চিকিৎসার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। বাস ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ


















