
যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ও বিশালাকৃতির বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড-এ গত সপ্তাহে লাগা আগুন টানা ৩০ ঘণ্টার বেশি সময় ধরে জ্বলেছে। এতে রণতরিটির বেশ কয়েকজন নৌসেনা ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন। ইরানে ট্রাম্পের সামরিক আগ্রাসনের মধ্যে জাহাজটি মাসের পর মাস ধরে টানা অপারেশন চালিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে গতকাল সোমবার এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড–সেন্টকম জানায়, দুজন নাবিক ‘প্রাণসংহারী নয় এমন’ আঘাতের চিকিৎসা নিয়েছেন। জাহাজে থাকা ব্যক্তিরা জানান, ডজনখানেক সেনাসদস্য ধোঁয়া শ্বাসের কারণে অসুস্থ হয়েছেন। প্রাণঘাতী না হলেও বেশ দুর্ভোগের বিষয় হলো, আগুনের পর থেকে অনেক নাবিক কাপড় ধোয়ার সুবিধাও পাচ্ছেন না।
প্রায় ৪ হাজার ৫০০ নাবিক ও যুদ্ধবিমান চালকসহ জাহাজটি গত বছরের ২৪ অক্টোবর থেকে ভূমধ্যসাগরে অবস্থান করছিল। সে সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এটিকে ক্যারিবীয় সাগরের দিকে যেতে নির্দেশ দেন। উদ্দেশ্য ছিল ভেনেজুয়েলার নেতা নিকোলা মাদুরোর ওপর চাপ বাড়ানো। ক্যারিবীয় অঞ্চল থেকে জাহাজটি পরে দ্রুত মধ্যপ্রাচ্যে যায়, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলছে এবং এখন সেটি তৃতীয় সপ্তাহে পৌঁছেছে।
সাধারণ অবস্থাতেও বিমানবাহী রণতরিতে থাকা নাবিকদের সঙ্গে যোগাযোগ করা কঠিন। যুদ্ধকালীন সময়ে সংশ্লিষ্ট জাহাজ ও ঘাঁটিগুলো ‘ডার্ক’ মোডে চলে যায়। ফলে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ সীমিত থাকে। এই প্রতিবেদনের জন্য কথা বলা কর্মকর্তা ও নাবিকেরা প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন।
ফোর্ড টানা ১০ মাস ধরে মোতায়েনরত অবস্থায় রয়েছে। এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত যদি এটি সমুদ্রে থাকে, তবে ভিয়েতনাম যুদ্ধের পর সবচেয়ে দীর্ঘ বিমানবাহী রণতরি মোতায়েনের রেকর্ড ভেঙে ফেলবে। বর্তমান রেকর্ড ২৯৪ দিন, যা ২০২০ সালে ইউএসএস আব্রাহাম লিংকন গড়েছিল। ক্রুদের জানানো হয়েছে, তাঁদের মোতায়েন সম্ভবত মে মাস পর্যন্ত বাড়ানো হবে। সে ক্ষেত্রে তারা পুরো এক বছর সমুদ্রে থাকবে, যা একটি স্বাভাবিক বিমানবাহী রণতরি মোতায়েনের সময়ের দ্বিগুণ।
ইরাক ও আফগানিস্তান যুদ্ধের সময় মার্কিন নৌবাহিনী কখনো কখনো ৯ মাস পর্যন্ত বিমানবাহী রণতরি মোতায়েন রেখেছিল, তবে সাধারণত ছয় মাসের বেশি বাড়ানো হয় না। নৌ বিশেষজ্ঞদের মতে, এর চেয়ে দীর্ঘ সময় জাহাজ ও ক্রু উভয়ের জন্যই অত্যন্ত কঠিন।
পূর্বকোণ/পিআর